মুখোমুখি একটি পাথর এবং মাটির টুকরা। মাটির টুকরাটি মিটিমিটি হাসছে। পাথর বলল, হাসছ কেন?
মাটি উত্তর দিল, তোমাকে উদাহরণ দিয়ে বলা হয় পাথরহৃদয়।
শুনে পাথরের টুকরা হাসে। মাটি প্রশ্ন করে, তুমি হাসছ যে?
পাথর বলল, তোমাকে উদাহরণ দিয়ে বলে মাটির মানুষ।
এই পথে যাচ্ছিল একটি ব্যাঙ। ওদের কথা শুনে থামে। ফিকফিক করে হাসে। ব্যাঙকে হাসতে দেখে ওরা অবাক! একসঙ্গে জানতে চায়, হাসছ কেন?
ব্যাঙটাকে খাবলে ধরে একজন মানুষ। মুঠোর ভেতর ব্যাঙটি ছটফট করলে তাকে মাটিতে নামায়। হাঁপ ছাড়ে ব্যাঙ, আবারও হাসে। প্রশ্নোত্তরে বলে, পাথর গুঁড়ো হয়ে তবেই মাটি গঠিত। এতকাল ইহাই জানি।
এইবার উল্টোদিকে মুখ করে আছে পাথর এবং মাটির টুকরো দুটো।