প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ২:৩৯ এএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিরায়হান রাফী পরিচালিত ও দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তির পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে। প্রতিবারের মতো মুক্তির পর থেকেই অনেকের মধ্যেই আগ্রহ-বিগ বাজেটের এই সিনেমা এখন পর্যন্ত কী পরিমাণ আয় করেছে তা নিয়ে। সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদে মুক্তির চতুর্থ দিন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা জানার সুযোগ না থাকলেও মাল্টিপ্লেক্স থেকে মুক্তির তিন দিনে শাকিব খানের এই সিনেমা কত আয় করেছে সে বিষয়ে ধারণা পাওয়া গেছে কিছুটা।
ঈদে দেশজুড়ে প্রায় ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খানের তাণ্ডব। শুরুর দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে সিনেমাটি। প্রথম দিনে সিনেপ্লেক্সে ২৮টি শো ছিল তাণ্ডবের। যেখান থেকে আয় হয়েছিল ৩৬ লাখ ৭৪ হাজার। এর আগে গত বছর মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। সে হিসেবে ‘তাণ্ডব’ দরদেরও রেকর্ড ছাড়িয়ে যায়।
ঈদের দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্সে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাণ্ডবের শো। আয়টাও বেড়ে হয় প্রায় দ্বিগুণ। এদিন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে তাণ্ডবের মোট শো চলেছে ৮১টি। যেখানে প্রায় ৭৪ লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে। ফলে ঈদের দুদিন শেষে ‘তাণ্ডব’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ১ কোটি ১০ লাখ টাকা।
ঈদের তৃতীয় দিনে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রায় ৭৫ লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে। তিন দিন শেষে ‘তাণ্ডব’-এর মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়ায় ১ কোটি ৮৫ লাখ টাকা, যা চতুর্থ দিনে ২ কোটি ছাড়িয়ে যাবে বলেই অনুমান করা যাচ্ছে।
এ ছাড়া তাণ্ডব আরও একটি রেকর্ড গড়েছে। স্টার সিনেপ্লেক্সে এখন পর্যন্ত তিন দিনে তাণ্ডবের ১০৬টি শো হাউসফুল গেছে। দর্শকরাও সিনেমার টিকেট না পেয়ে ফিরে যাচ্ছে। দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে সিঙ্গেল স্ক্রিনে সর্বোচ্চ রেন্টাল নিয়ে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। ফলে সেখান থেকেও একটি বড় পরিমাণের অর্থ আয় করেছে ‘তাণ্ডব’।
‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন-জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।
সময়ের আলো/এমএইচ