তরুণ প্রজন্মের অভিনেত্রী আইশা খান। ক্যারিয়ারের অল্প সময়ে সৌন্দর্য ও অভিনয়দক্ষতা দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বর্তমানে তিনি নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। চাহিদা থাকলেও কম কাজ করেন। চলতি বছরে ২৭টির মতো কাজ করেছেন এই অভিনেত্রী। এর মধ্যে ২৫টি নাটক, ২টি ওটিটি কনটেন্ট। প্রায় প্রতিটি গল্পে প্রশংসিত হয়েছে তার অভিনয়। বছরের শেষ প্রান্তে এসেও সুনাম ছড়ালেন আইশা।
সম্প্রতি বড়দিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছে বিশেষ নাটক ‘দ্বিপ্রহর’। পিকাসো খুদার রচনায় এটি পরিচালনা করেছেন মারুফের রহমান। গল্পে মিতু চরিত্রে অভিনয় করেছেন আইশা। তার বিপরীতে রয়েছেন পার্থ শেখ। যাকে দেখা যায় রাহাত চরিত্রে।
নাটকের গল্পটি এগিয়েছে এভাবে- শহরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য অপেক্ষা করছে রাহাত। গ্রামে তার মা থাকে। রাহাত যখন ছোট তখনই তার বাবা মারা যান। চাকরি হয়ে গেলে সে গ্রামে যায় মাকে সারপ্রাইজ দিতে। অন্যদিকে একই গ্রামের প্রভাবশালী পরিবারের সন্তান মিতুর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেম। রাহাত মাকে তার পছন্দের কথা বলেন।
বিয়ের প্রস্তাব নিয়ে রাহাতের মা মিতুদের বাড়ি যান। মিতুর বাবা বিয়েতে আপত্তি করেন না কিন্তু তিনি পারিবারিক রীতির কথা বলে মেয়েকে ১০ ভরি স্বর্ণ দেওয়ার দাবি করেন। ছেলের কথা ভেবে রাহাতের মা তাতেও আপত্তি করেন না। বিয়ের দিনক্ষণ ঠিক করে আসেন। মায়ের কাছ থেকে স্বর্ণের কথা শুনে মন খারাপ করেন রাহাত। বাবার রেখে যাওয়া জমানো টাকা খরচ করে বিয়ে করার জন্য একমত হতে পারে না রাহাত। অন্যদিকে মিতুরও তার বাবার এ আবদার পছন্দ হয় না। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী।
নাটকটি নিয়ে আইশা বলেন, আমি সব ধরনের চরিত্রে অভিনয় করি না। আমার সচরাচর রোমান্টিক, স্যাড রোমান্টিক বা সিরিয়াস ক্যারেক্টারে অভিনয় করা হয়। এই নাটকের গল্প ও চরিত্র পছন্দ হওয়াই কাজটি করেছি। রোমান্টিক-সিরিয়াস দুটিই আছে এই নাটকের গল্পে।
নেক্সট ডোর নেইবার, মায়াডোর, আমি যা দেখি তুমি কি তা দেখো, স্বপ্নসিঁড়ি কাজগুলো দিয়ে চলতি বছরে বেশ আলোচনায় আসেন আইশা। চরিত্রেও আনেন ভিন্নতা।
এএডি/