রাজনৈতীক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পড়েও পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রলীগের ব্যানারে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) ভোররাতে উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- বগা ইউনিয়নের মজিবর হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাক রোমান হাওলাদার (৩০), মৃত সৈয়দ হুময়ায়ুন কবীরের ছেলে ছাত্রলীগ কর্মী মো. তাসনিম (২০), মৃত মো. রমেজ খানের ছেলে ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খান (৩৪)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে গত সোমবার (২৩ জুন) রাতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশের টনক নড়লে অভিযানে নামে। পুলিশ বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার ভোররাতে ওই তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক তিন ছাত্রলীগ নেতাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১২/১৩ এর ধারায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
/এসটিও