বান্দরবানের রুমা উপজেলার পাহাড়চূড়ায় নির্মিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেওক্রাডং আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্র আগামী ১ অক্টোবর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো।
তবে পর্যটকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে প্রশাসন। সেগুলো হলো—
এক. সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যেসব পর্যটন কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে, সেসব পর্যটন কেন্দ্র ছাড়া উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে।
দুই. জেলা/উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না।
তিন. পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট/পর্যটন তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।
চার. নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করতে হবে।
পাঁচ. পাহাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী ও ফিটনেসবিহীন সব যানবাহন উল্লিখিত পর্যটন কেন্দ্রসমূহে চলাচল নিষিদ্ধ থাকবে। পর্যটকবাহী সব যানবাহন চলাচল নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
ছয়. অযাচিত যেকোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যটন শিল্পের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ বা বম পার্টি) সদস্যরা রুমা-থানচি সড়কে ব্যাংক ডাকাতি করার পর রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পরবর্তীতে ধাপে ধাপে দেবতাখুম, তিন্দু ও বগালেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও কেওক্রাডংয়ে নিষেধাজ্ঞা বহাল ছিল।
আরআর