রংপুরে সাড়ে ৮ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড জরের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। টিকা প্রদান কার্যক্রমের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে।
উদ্বোধনী দিনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে টিকা গ্রহণ করেন। কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে দ্রুততম সময়ে টিকা গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।
রচনা, সারা জান্নাত, রাফসান চৌধুরী নামের শিক্ষার্থীরা জানান, অনলাইনে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছি। স্কুলে এসে দ্রুত টিকা নিতে পেরে অনেক ভাল লাগছে। কোনও ধরনের ব্যথা হয়নি। যদি কোনও কারণে কেউ অসুস্থ্য হয়ে যায়, সেজন্য রংপুর সিটি কর্পোরেশনের অ্যাম্বুলেন্সসহ ডাক্তার রয়েছে। যে সকল বন্ধুরা এখনও টিকা গ্রহণ করেনি, আমরা তাদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ বলেন, রংপুর সিটি কর্পোরেশনে দুই লাখের বেশি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে টাইফয়েড জরের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে স্কুল ও কমিউনিটি পর্যায়ে আমাদের স্বেচ্ছাসেবী ও টিকাপ্রদানকারীরা কাজ করছেন। নির্বিঘ্নে এ কার্যক্রম চলমান রয়েছে। আমি আহ্বান জানাবো, নিবন্ধনের মাধ্যমে যেন টিকা গ্রহণ করা হয়। তাহলে পরবর্তীতে বিদেশ ভ্রমনসহ অন্যান্য ক্ষেত্রে টাইফয়েড জরের টিকা প্রদানের তথ্য কাজে লাগবে।
আরও পড়ুন
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আশরাফুল ইসলাম বলেন, টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রমকে উৎসবমুখর করতে বিভিন্ন স্কুলে শিশুবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা স্কুলে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকা নিয়েছে।
নির্ধারিত বয়সের সকল শিশু যেন টিকা পায় সে লক্ষ্যে নিবন্ধিত কিংবা অনিবন্ধিত শিশুদেরও টিকা দেওয়া হচ্ছে। নগরীতে মাইকিং, গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় বড় বেলুন উড়ানো, ট্রাকের মাধ্যমে গম্ভীরার আয়োজন করে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি করোনার মতো আমরা টাইফয়েড টিকাতেও সাফল্য অর্জন করব।
রোববার (১২ অক্টোবর) সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক যুগ্ম সচিব মো. আশরাফুল ইসলাম। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কেএম জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, জেলা পুলিশ সুপার আবু সাইম, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, পুলিশ লাইন্স স্কুলের ভাইস প্রিন্সিপাল (প্রশাসন) এ.এন. এম বাবর আলী।
এছাড়া টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবিএম আবু হানিফ, অতিরিক্ত সচিব হুজুর আলী, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গাওসুল আজম, উপ-পরিচালক ডা. ওয়াজেদ আলী, ইউনিসেফ প্রধান তৌফিক আহমেদ।
সময়ের আলো/এআর