অসহায় ফায়ার সার্ভিস, আকাশের দিকে তাকিয়ে সবাই

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

চট্টগ্রামে ইপিজেড এলাকার একটি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট যোগ দিয়েছে। পাশাপাশি কাজ

2025-10-16T22:01:17+00:00
2025-10-16T22:02:03+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
অসহায় ফায়ার সার্ভিস, আকাশের দিকে তাকিয়ে সবাই
চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:০১ পিএম  আপডেট: ১৬.১০.২০২৫ ১০:০২ পিএম
এখনও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেড এলাকার কারখানায় লাগা আগুন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে ইপিজেড এলাকার একটি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট যোগ দিয়েছে। পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী। আগুন নিয়ন্ত্রণে না আসায় বড় ধরনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর থেকে রাত ৯টা পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। সন্ধ্যার পর আগুন আরও ভয়াবহ রূপ নেয়। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় অসহায়– তারা শুধু আকাশের দিকে তাকিয়ে, যদি বৃষ্টি হয়, তাহলে হয়ত আগুন কিছুটা থামবে। 

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ৪টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম তদারকি করছেন। কিন্তু, প্রচণ্ড তাপ আর ঘন ধোঁয়ায় আগুন নেভানোর চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। 

সরেজমিন রাত সোয়া ৮টার দিকে পুরো ভবনেই আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। ভবনের আশপাশের কয়েকশ’ মিটার দূর থেকেও আগুনের কড়া তাপ অনুভূত হচ্ছে। আগুনে দিশেহারা ফায়ার সার্ভিস সদস্যরা ক্রমেই পিছু হটতে বাধ্য হয়েছেন। সময় যত গড়াচ্ছে, আগুনের লেলিহান শিখা তত উঁচু হচ্ছে। আশপাশের এলাকা তাপ আর ধোঁয়ায় অন্ধকারে ঢেকে গেছে। আগুনের সামনে অসহায় ফায়ার সার্ভিস আর চারপাশের মানুষ শুধু এক আশায় আকাশের দিকে তাকিয়ে—যদি একটু বৃষ্টি নামে। 


আগুন লাগা কারখানার সিকিউরিটি গার্ড মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আজ সকাল ৭টায় ডিউটি শেষে তিনি বাড়ি ফেরেন। পরে দুপুর দেড়টার দিকে খবর পান কারখানায় আগুন লেগেছে। এরপর বিকেল পাঁচটার দিকে তিনি কারখানায় আসেন। 

রফিকুল জানান, সাত তলা বিশিষ্ট ভবনটিতে প্রথম ও দ্বিতীয় তলায় তোয়ালে কারখানা। তৃতীয় থেকে সপ্তমতলা পর্যন্ত মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কারখানা। চীনা মালিকানাধীন কারখানাটিতে প্রায় চার থেকে পাঁচ হাজার কর্মী কাজ করেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভবনের পাঁচ, ছয় ও সাত তলায় প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে নিচের তলাগুলোতেও। সব ইউনিট একযোগে কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। 

চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর বলেন, আগুনের তীব্রতা এতটাই বেশি যে ভবন ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভেতরে কেউ আটকা পড়ার তথ্য পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী মুজিবুল হক বলেন, রিজার্ভ ট্যাংক থেকে পানি এনে ছিটাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। কিন্তু, আগুন যেন আরও ছড়িয়ে পড়ছে। এখন সবাই শুধু আকাশের দিকে তাকিয়ে আছে—যদি একটু বৃষ্টি নামে। 

অগ্নিকাণ্ডের কবলে পড়া কারখানায় হাসপাতালে ব্যবহার করার বিভিন্ন সরঞ্জাম তৈরি হতো। আগুনের কারণ সম্পর্কে কিছুই এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   অসহায় ফায়ার সার্ভিস  আকাশের দিকে  চট্টগ্রাম ইপিজেড  ভয়াবহ অগ্নিকাণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: