রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে একজন ও আরেকজন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।
বুধবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। তারা চাঁপাই থেকে রাজশাহীতে আসছিলেন মোটরসাইকেল কেনার জন্য।
নিহতরা হলেন, আজিজুর রহমান পাভেল (৪০) ও সইবুর রহমান (৪৫)। পাভেল সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ী ছিলেন। আর সইবুর রহমান সাইপ্রাস প্রবাসী ছিলেন। তাদের দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া এলাকায়।
আরও পড়ুন
পাভেলের স্বজনরা জানিয়েছেন, সইবুর রহমানের মোটরসাইকেল কেনার জন্য রাজশাহীতে যাচ্ছিলেন তারা। গেল ৬ অক্টোবর সইবুর রহমান দেশে এসেছেন। তিনি দুপুর ১২টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সিটিহাটের কাছে দুর্ঘটনার শিকার হন। তাদের মরদেহ সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারিন জানান, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে দুই মোটরসাইকেল আরোহী আসছিলেন। হাটের কারণে সেখানে যানজট থাকায় তারা রং সাইডে যাওয়ার চেষ্টা করেন। এ সময় রাজশাহীর দিক থেকে আসা গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে আজিজুর রহমান পাভেল মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান সইবুর রহমান।
তিনি আরও বলেন, ঘটনার পর মোটরসাইকেল ও বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। বাসের চালক ও সহকারী বাসটিকে রেখে পালিয়ে গেছে। পরিবার চাইলে মামলা করতে পারে। আমরা মামলা গ্রহণ করব।
সময়ের আলো/এআর