গাইবান্ধা সদর উপজেলার উজির ধরনীবাড়ি এলাকায় হুমকি ও ভয়ভীতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন একটি মামলার সাক্ষীরা। আদালতে সাক্ষ্য না দিতে প্রতিপক্ষের হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা।
মোহাম্মদ আলীর ছেলে আব্দুল কাদের গত ৬ মার্চ গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭/১১৭ ধারায় মামলা করেন। মামলায় তার আপন ভাই বাচ্চু মিয়া, মামাতো ভাই মোরশেদ আলমসহ একই গ্রামের ১০ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়েছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ৩ মার্চ হাট লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড এলাকায় বাচ্চু মিয়ার নেতৃত্বে আব্দুল কাদেরের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।
আরও পড়ুন
আগামী ২৯ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। এর আগেই প্রতিপক্ষের লোকজন সাক্ষী ও তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আদালতে সাক্ষ্য দিতে গেলে ক্ষতি করা হবে—এমন ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানান তারা।
ভুক্তভোগী পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা আদালতে সাক্ষ্য দিতে পারবেন না। এতে ন্যায়বিচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সময়ের আলো/এআর