চট্টগ্রাম নগরীরর বাকলিয়া এক্সেস রোডে ব্যানার টানানোকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ (২২) হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত গভীর রাতে বাকলিয়ার এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মো. সাজ্জাদ (২২)। আহত হন আরও অন্তত ১৪ জন।
এই ঘটনায় নিহতের পিতা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
এ হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম প্রিন্স ওরফে সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান (২৮) ও দিদারুল আলম রাসেল (৪০)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘সাজ্জাদ হত্যার ঘটনার পর পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে। এর মধ্যে নগর ডিবি ও বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে। আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ‘মঙ্গলবার রাতভর বাকলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতারর করা হয়েছে। তাদের মধ্যে ছয় জন সাজ্জাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
আট আসামীকে বুধবার আদালতে হাজির করা হয়েছে বলে জানান তিনি।
সময়ের আলো/কেএইচও