অবশেষে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘর আলো করে এলো নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা।
এ ছাড়া শুক্রবার সকালে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে সুখবরটি নিশ্চিত করেন ভিকি। ভিকি লিখেছেন, আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে। পোস্টের সঙ্গে যুক্ত করেন একটি হৃদয়ের ইমোজি। এ ছাড়া ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন ক্যাটরিনা ও ভিকি। তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে এক যৌথ বিবৃতিতে লিখেছেন, আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই। এই পোস্টে বাবা-মা হওয়ার অপার আনন্দ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন এই তারকা দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া- এসব কারণেই বাড়তে থাকে জল্পনা।
গত সেপ্টেম্বর মাসে নিজের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ। এর আগে ভিকির ভাই অভিনেতা সানি কৌশলও ভিকি-ক্যাটরিনার পরিবারে নতুন অতিথি আসার খবর নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের সবার জন্য এটা অনেক বড় সুখবর। আমরা সবাই ভীষণ খুশি, তবে একটু নার্ভাসও আছি। সব কিছু যেন সুন্দরভাবে হয়, সেটাই এখন প্রার্থনা।
এএডি/