মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রোববার রাতে দুর্বৃত্তের আগুনে পুড়েছে একটি স্কুল বাস।
রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
শিবালয় থানা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদরে গিলন্ড এলাকায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের পরিবহনের জন্য বেশ কয়েকটি বাস আছে। এই বাসটি শিবালয়ের উথলী ও আশপাশ থেকে শিক্ষার্থীদের আনা নেওয়া করা হয়।
রোববার বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় নামিয়ে দিয়ে বাসটি উথলী এলাকায় সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা হয়। রাত আটটার দিকে একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়। বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) জহিরুল ইসলাম জানান, বাসটি তাদের প্রতিষ্ঠানের নিজস্ব নয়। ভাড়া নেওয়া বাসটিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া করা হতো।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের ক্লোজসার্কিট ক্যামেরার (সিসিটিভি) ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, এ বিষয়ে তদন্ত চলছে।
সময়ের আলো/জেডআই