জমি ও ঘর পেলেন নারী ফুটবলার তৃষ্ণা রানী। সংগৃহীত ছবিবাংলাদেশ জাতীয় নারী অনূর্ধ্ব-২০ দলের নারী ফুটবলার তৃষ্ণা রানীকে বসতবাড়ির জমি ও পাকাঘর উপহার দিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেদ আলী।
তিনি গতকাল বুধবার (১২) নভেম্বর সন্ধ্যায় ময়দানদিঘী ইউনিয়ন ভূমি অফিসের সামনে সাড়ে চার শতক জমি ও নির্মাণকৃত আধা পাকা ঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় তৃষ্ণারানীসহ তার বাবা ও মায়ের হাতে জমির দলিল তুলে দিয়ে একটি দোকান ঘরেরও উদ্বোধন করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক সাবেত আলী জানান, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় তৃষ্ণা রানী দেশের প্রতিনিধিত্ব করে সুনাম বয়ে এনেছেন। কিন্তু তাদের পরিবারের নিজস্ব কোনো থাকার জায়গা ও উপযুক্ত ঘর ছিল না। চাচার বাড়িতে একটি ঘরে কষ্ট করে থাকতো। তার
বাবা অসুস্থ, মা ইট ভাটায় কাজ করেন।
দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও দেশকে সম্মানের জায়গায় নিয়ে গেছে, তার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ে চার শতক জমি রেজিস্ট্রি করে ও বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে তার অসুস্থ বাবাকে পরিবারের খরচ চালানোর জন্য একটি দোকান ঘর দেওয়া হয়েছে। আমি প্রত্যাশা করবো সবাই এই পরিবারের পাশে থাকবো, জেলা প্রশাসন ও সরকার তার পাশে থাকবে। তৃষ্ণা রানী দেশকে আরো ভালো কিছু উপহার দেবে এটাই আমাদের প্রত্যাশা।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, নারী ফুটবল দলের গর্বিত সদস্য বোদা উপজেলার রত্ন তৃষ্ণা রানীকে জেলা ও উপজেলার প্রশাসনের পক্ষ থেকে বাড়ি করার জন্য ময়দানদিঘীতে সাড়ে চার শতক জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে এবং আধা পাকা বাড়ি জেলা প্রশাসক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। আমরা মনে করি গুণিদের কদর করলে দেশে আরো গুণি জন্মাবে।
টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির পরিচালক ও তৃষ্ণা রানীর কোচ মোফাজ্জল হোসেন বিপুল জানান, তৃষ্ণা রানী ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বোদা ফুৃটবল একাডেমিতে কোচিং করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। তৃষ্ণা রানী প্রত্যন্ত অঞ্চল থেকে এখন জাতীয় অনূর্ধ্ব-২০ দলের গোলমেশিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক তাকে বসতবাড়ির জন্য জমি ও ঘর নির্মাণ করে দিচ্ছে তাই আমরা অনেক খুশি। তার পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তৃষ্ণা রানী অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, বহু প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে এখানে এসেছি। আজকে নিজেকে সফল মনে হচ্ছে। যারা একসময় কটূকথা বলতো তারাও আজকে উৎসাহ দিচ্ছে। জেলা প্রশাসক আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে এটা আমার বড় পাওয়া। আমি আমার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, তৃষ্ণা রানীর কোচ মোফাজ্জল হোসেন বিপুল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী প্রমুখ।
সময়ের আলো/এআর