এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন হলো চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বিয়ের দিন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকেই এলাকায় গুঞ্জন ওঠে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে একটি হেলিকপ্টার।
ঠিক সময়মতো হেলিকপ্টারটি মাঠে নামতেই অন্যরকম এক উচ্ছ্বাস দেখা যায় উপস্থিত শত শত মানুষের মধ্যে। নবদম্পতিকে আনতে এমন আয়োজন করায় এলাকাবাসী বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।
উত্তর ছেংগারচর এমএম কান্দি গ্রামের হাজি আ. বারেক দেওয়ানের ছেলে সৌদি প্রবাসী মো. মহিন উদ্দিন আহাম্মেদ ও রুহিতার পাড় গ্রামের মো. আল-আমিনের মেয়ে আবিদা সুলতানা অনামিকার বিয়ে ঘিরে এলাকাজুড়ে এ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বরের বাবা হাজি আ. বারেক দেওয়ান বলেন, ছেলের জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং তার ছোটবেলার ইচ্ছে পূরণ করতেই হেলিকপ্টারে বউ আনার ব্যবস্থা করেছি। এমন আয়োজন করতে পেরে আমি নিজেও আনন্দিত। আল্লাহ তাদের সুখী দাম্পত্য জীবন দান করুন।
ফুফাতো ভাই সুমন সরদার বলেন, রাজু আমাদের পরিবারের খুবই প্রিয়। ও সবসময় বলত, তার বিয়েটা আলাদা হবে। আজ সেটা সত্যি হলো। হেলিকপ্টারে করে নবদম্পতিকে আনা এটা আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়।
গতকাল বৃহস্পতিবার হলুদ, শুক্রবার বিয়ে ও কনের বাড়িতে প্রীতিভোজের আয়োজন করা হয়। শনিবার (১৫ নভেম্বর) বরপক্ষের বাসায় প্রীতিভোজের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
অভিভাবকরা জানান, পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবে রূপ নেয়। এ ধরনের ব্যতিক্রমী বিয়ে এলাকায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনেকে।
কনের বাবা আল আমিন বলেন, আগামীকাল শনিবার আমার মেয়ে ও জামাইকে ঘোড়ার গাড়িতে করে আমাদের বাড়িতে নিয়ে আসব। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়।
সময়ের আলো/এআর