রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মোটরসাইকেল শোডাউনের সময় দুর্ঘটনার শিকার হয়ে এক জনের মৃত্যু হয়েছে। আহত হন আরও তিনজন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে নিহত নুর আলম (৫৮) জামায়াতের কর্মী ছিলেন। তিনি রংপুর নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলির ছেলে। আহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রংপুর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নেন নুর আলম। শোডাউনটি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে নুর আলমের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে মোড়ে রেলিংয়ের পিলারে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুর আলমের মোটরসাইকেলটি পিলারে ধাক্কা খেলে তার পেছনে থাকা আরও দুই-একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে তিনজন আহত হন।
আরও পড়ুন
এ বিষয়ে জামায়াতে ইসলামের স্থানীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার সময়ের আলোকে বলেন, ‘শুনেছি, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।’
এএডি/