তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। ওটিটি প্ল্যাটফর্ম ও বেশ কিছু নাটকে সাবলীল অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। প্রতিনিয়তই নিজেকে ভাঙছেন এবং নানা চরিত্রে দর্শকদের কাজ উপহার দিয়ে যাচ্ছেন।
অন্যদিকে ছোটপর্দার ব্যস্ত অভিনেতা খাইরুল বাশার। সিনেমাতেও কাজ করেছেন তিনি। প্রথমবারের মতো সাদমিনা ও বাশার জুটি বেঁধে অভিনয় করেছেন একটি নাটকে। সম্প্রতি ‘তোমাকে পাওয়ার জন্য’ নাটকের শুটিং শেষ করেছেন তারা। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। এটি নির্মিত হয়েছে বাংলাভিশন টেলিভিশন ও ইউটিউবের জন্য।
পারিবারিক সিচুয়েশনাল কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে একগুচ্ছ মজার টানাপড়েন। পাত্রীর বাবার কাছে পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়ে যায় পাত্র- এমন ব্যতিক্রমী কনসেপ্টকে কেন্দ্র করেই এগিয়েছে গল্পটি।
নাটকটি নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, আমরা একটি মজার গল্পে কাজ করেছি। দর্শকরা যাতে কাজটি দেখে আনন্দ পায় এমন চেষ্টা থেকেই কাজটি করা। আশা করছি আমার অন্য সব কাজের মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে।
অন্যদিকে গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সাদনিমা বলেন, আমরা আমাদের মতো করে সবাই চেষ্টা করেছি কাজটাকে সুন্দরভাবে করার। আমার চরিত্রটি মজার। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।
নাটকটি নিয়ে নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, দর্শকদের জন্য হালকা মেজাজের অথচ বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই টিম একসঙ্গে পরিশ্রম করেছে।
খাইরুল বাসার ও নবাগত সাদনিমা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিনসহ অনেকে। শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক।
এসকে/