নরসিংদীতে ঘটে যাওয়া একাধিক ভূমিকম্প সৃষ্টি হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে একটি মহল ভূমিকম্প নিয়ে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে আরও ভীত-সন্ত্রস্ত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলে নরসিংদীবাসীর মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করে।
এ আতঙ্ককে পুঁজি করে একটি মহল ‘রাত ১১টায় আবার ভূমিকম্প হবে’ বলে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালায় বলে জানা গেছে। এতে নরসিংদী শহরের কিছু অংশে জনসাধারণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।
জানতে চাইলে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তিনি বলেন, এরকম একটা অপপ্রচার নরসিংদী ইউ এম সি জুটমিল এলাকায় কে বা কারা ছড়িয়েছে জানি না। তবে বিষয়টি জানার পর আমি তাৎক্ষণিক ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ৩১ ঘণ্টায় দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে শিশুসহ ১১ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হন।
শনিবার (২২ নভেম্বর) সকালে নরসিংদীতে আরও একটি মৃদু ভূমিকম্প হয়। জেলার পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
এফআর