রংপুরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মারুফাত হুসাইন। বর্তমানে তিনি দিনাজপুর জেলা পুলিশের দায়িত্ব পালন করছেন।
রংপুরের বর্তমান পুলিশ সুপার মো. আবু সাইমকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর এক প্রজ্ঞাপন মারুফাত হুসাইনকে ফরিদপুরের পুলিশ সুপার করা হয়। তবে বুধবার (২৬ নভেম্বর) সেই প্রজ্ঞাপন বাতিল করে তাকে রংপুরের পুলিশ সুপার করা হলো।
জানা গেছে, বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মারুফাত হুসাইনের বাড়ি নড়াইল জেলায়। চাকরিজীবনে আটবার পদোন্নতিবঞ্চিত মারুফাত হুসাইনকে গত ১১ ফেব্রুয়ারি দিনাজপুর জেলার পুলিশ সুপার হন। তার আগে তিনি নাটোরের পুলিশ সুপার ছিলেন।
একাধিক জেলা পুলিশে দায়িত্ব পালন করা মারুফাত হুসাইন তার কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। গত ১১ নভেম্বর দিনাজপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) গণশুনানির আয়োজন করে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে ১৬৯ টি অভিযোগ জমা পড়লেও দিনাজপুর জেলা পুলিশ কার্যালয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ সেখানে পড়েনি। যা জেলা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলায় নাশকতার চেষ্টা চালায়। তবে দিনাজপুরে নিষিদ্ধ সংগঠনটি তেমন কোনো নাশকতা ঘটাতে পারেনি। পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হন।
এফআর