পিরোজপুর পৌরসভার সিআইপাড়া চাঁনমাড়ী খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকা থেকে চাঁনমাড়ী খালের এ পরিষ্কার ও উচ্ছেদ অভিযান কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌরসভার প্রশাসক ইসরাত জাহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই খালটি অবৈধ দখলমুক্ত ও পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এই খালটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ময়লা আবর্জনায় ভরেছিল। যার কারণে মশা মাছি বেড়ে গিয়েছিল এবং দুর্গন্ধে ভরা ছিল, যা মানুষের জন্য অনেক ক্ষতিকর। পরিষ্কারের ফলে খালটিতে পানি প্রবাহ তৈরি হলে মশা মাছির এ উপদ্রব থেকে বাঁচতে পারবেন বলে তারা আশা করেন।
পিরোজপুরের পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান বলেন, বাজেট স্বল্পতার কারণে আপাতত খালটিকে আমরা পুনঃখনন করতে পারছি না, তবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে এতে পানি প্রবাহ তৈরির চেষ্টা করছি এবং আপাতত সীমিত আকারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। বাজেট পেলে পরবর্তীতে আমরা পরিপূর্ণভাবে খাল পুনঃখনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করব।
সময়ের আলো/কেএইচও