কুমিল্লার হোমনায় ট্রাকের ধাক্কায় সাজিদ (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত সাজিদ ভাষানিয়া ইউনিয়নের দড়ি ভাষানিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে এবং নালাদক্ষিণ মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হোমনা-মুরাদনগর রোডের কৃষ্ণপুর মসজিদসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পথচারী সূত্রে জানা গেছে, সাজিদ সাইকেল চালিয়ে শ্রীপুর কৃষ্ণপুর ব্রিজ থেকে বাড়ি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শিশুটির লাশের ময়নাতদন্ত করা হবে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/কেএইচও