কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শীলখালী বিজিবি চেকপোস্টে সিএনজি তল্লাশির সময় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজির চালক মোহাম্মদ শফিক (২৩) কে আটক করা হয়েছে। তিনি টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়া এলাকার মো. ইউনুছের ছেলে।
শুক্রবার (২৮ নভেম্বর) উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ২৮ নভেম্বর বিকেলে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজার গামী যাত্রীবাহী সিএনজি শীলখালী বিজিবির অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে চালকের সিটের নিচে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া শফিক জানায়, সাবরাং এলাকার একটি সূত্র থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিলে ৩০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানান, মাদক সরবরাহকারী ও চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দ সিএনজি ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/কেএইচও