কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী ও কোনা পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হ্নীলার আনোয়ার ওরফে লেডাইয়া গ্রুপ এবং জালাল প্রকাশ লাশ জালাল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত ১৬ অক্টোবর একই এলাকায় দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। দুপক্ষের প্রধানদের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উলুচামরীর আনোয়ার প্রকাশ লেডাইয়া এবং কোনারপাড়ার জালাল প্রকাশ লাশ জালাল আধিপত্য বজায় রাখতে নিজেদের সশস্ত্র বাহিনী গড়ে তোলে। দীর্ঘ দিনের বিরোধের জেরে সাম্প্রতিক সময়ে গোলাগুলির ঘটনা ঘটছে। একের পর এক গুলির শব্দে পুরো এলাকা কেঁপে উঠছে। উলুচামরী ও কোনাপাড়ার মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, আধিপত্য বিস্তার, অপহরণ ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য তারা মিয়ানমার থেকে আনা আধুনিক অস্ত্র ব্যবহার করছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। মঙ্গলবার রাতেও প্রায় এক ঘণ্টা ধরে গুলি বিনিময় হয়েছে। পুরো এলাকা এখন দুই গ্রুপের কাছে জিম্মি হয়ে পড়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, হ্নীলা উলুচামরী এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করা হয়েছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরআর