কুমিল্লার হোমনায় সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছেরের ব্যবহৃত সরকারি গাড়িচাপায় ফাইজা আক্তার (২) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কম্পাউন্ডের ভেতরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
নিহত ফাইজা বরিশালের উজিরপুর উপজেলার ফয়জুল হকের মেয়ে। ফয়জুল হক এসকেএফ ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ পদে হোমনায় কর্মরত।
স্থানীয়রা জানান, বুধবার সকালে এসিল্যান্ডকে নিতে সরকারি গাড়ি নিয়ে বাসায় যাচ্ছিলেন গাড়িচালক তাওয়াবুর রহমান। এ সময় স্কুলের সামনে রাস্তায় খেলা করছিল নিহত শিশু ফাইজা। তার মা পাশেই ছিল। তবে দৌড়াদৌড়ির মধ্যে হঠাৎ শিশুটি চলন্ত গাড়ির নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। পথচারীরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ওই গাড়ির চালক তাওয়াবুর রহমান পালিয়ে যান।
তাওয়াবুর উপজেলা সদর পূর্বপাড়া গ্রামের মৃত নূরুল ইসলাম মৌলভীর ছেলে। সে মাস্টারোলে হোমনা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে হোমনা উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’র সদস্যরা। এসময় গাড়িচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। কোনোভাবেই তা পূরণ হবার নয়। তবুও প্রশাসন নিহত শিশুটির পরিবারের যে কোনো সহযোগিতায় পাশে আছে। চালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি রোড অ্যাক্সিডেন্ট হিসেবে নিশ্চিত করায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফআর