ঘন কুয়াশা ও শীতে কাবু হয়ে পড়েছেন উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জেলার তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
তিনি জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ। তাপমাত্রা কমে আসায় হাড় কাঁপানো কনকনে শীত অনুভূত হচ্ছে। সামনে তাপমাত্রা আরও কমার আশঙ্কা করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসের প্রথম তারিখ থেকে এ অঞ্চলে ক্রমশ তাপমাত্রা নিচে নামতে শুরু করেছে। এদিকে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।
শীত ও কনকনে হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। ফুটপাতে শীতের কাপড়ের দোকানে নিম্ন আয়ের মানুষের ভিড় বাড়ছে। হিম বাতাসে বেশি কষ্ট পোহাতে হচ্ছে শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল মানুষের। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন তাদের কেউ কেউ।
মহানন্দা ও ডাহুক নদীতে পাথর উত্তোলনকারী আকালু জানান, নদীর পানি বরফের মতো ঠান্ডা। তবুও আমাদের কাজ করা ছাড়া উপায় নেই। কেননা পাথর তুলেই জীবিকা নির্বাহ করতে হয়। তাই পেটের তাগিদেই বরফ জলে নেমে পাথর তুলতে হচ্ছে।
আরআর