চাঁদের গাড়ির ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামে বাইকযোগে বাড়ি ফেরার পথে চাঁদের গাড়ির ধাক্কায় হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন।রোববার (৭

2025-12-07T17:17:29+00:00
2025-12-07T17:17:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদের গাড়ির ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৫:১৭ পিএম 
নিহত মো. এমরান চৌধুরী। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে বাইকযোগে বাড়ি ফেরার পথে চাঁদের গাড়ির ধাক্কায় হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন। 

রোববার (৭ ডিসেম্বর) নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহেদ সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকার হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ নামের আরও একজন গুরুতর আহত হন।

নিহত এমরান হাটহাজারী ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন। তিনি চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাং-এর ছেলে। আর আহত আরিফ একই বাড়ির মুছার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত একটার দিকে এমরান চৌধুরী ও আরিফ বুড়িপুকুর পাড় এলাকার একটি দোকান থেকে চা খেয়ে বাইকযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাঠবোঝাই অবৈধ চাঁদের গাড়ি (চট্টগ্রাম-খ ২৯৪৪) তাদের বাইকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। এ সময় তাদের বাইকটি চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। পরে আশেপাশের লোকজন ছুটে এসে এমরানকে এভারকেয়ার হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।


আর আহত আরিফকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার্ড করা হয়।

কামাল ও  আবদুল মতিন রুবেল নামের দুই প্রত্যক্ষদর্শী শনিবার রাত দুইটার দিকে এ প্রতিবেদককে জানান, গুরুতর আহত আরিফ চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। 

হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এদিকে, রোববার বাদে যোহর চারিয়া আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলূম চারিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুম মো. এমরান চৌধুরীর জানাজার নামাজ শেষে মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়েছে।

এফআর


  বিষয়:   বাইকযোগে বাড়ি ফেরার পথে  চাঁদের গাড়ির ধাক্কায়  হাটহাজারী  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: