তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও আরপিও অনুযায়ী সকল মনোনীত প্রার্থীকে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নের অংশ হিসেবে কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ রাস্তায় নেমে নিজের পোস্টার-ব্যানার অপসারণ করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় সরকারি তফসিল অনুযায়ী তার এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম উদ্বোধন করেছেন।
দলের নেতাকর্মীরা জানান, তফশিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও আরপিও অনুযায়ী সব প্রার্থীকে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এ নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নিজেই মাঠে নেমেছেন।
এ সময় কর্মী-সমর্থকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজ ব্যয় ও দায়িত্বে অপসারণ করার জন্য দিক-নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা জামায়াত আমির মো. মিজানুর রহমানসহ স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের (আরপিও) নির্দেশনা মেনে চলাই আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
সময়ের আলো/কেএইচও