লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আলাউদ্দিন বরকত (৪০) ও পারভেজ হোসেন (৩৫) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (১৩ ডিসেম্বর) এসব তথ্য জানায় লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান।
এর আগে, শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক মামলা সহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে।
আর পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।
সেনাবাহিনী জানায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্ব শুক্রবার দিবাগত রাতে আলাউদ্দিনের গ্রামের বাড়ির ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় বরকত ও পারভেজকে গ্রেফতার করা হয়। অভিযানে বাসা থেকে একটি বিদেশি রিভলভার, চারটি দেশিয় এলজি, ১৬ রাউন্ড এলজির গুলি ও তিন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তবে অভিযান চলাকালে বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়।
তারা হলেন, বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজ এর ছেলে ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়।
ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় আরও তিনজন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
এফআর