ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমি থেকে কাফনের কাপড়ে মোড়ানো লাশ সাদৃশ্য এক রহস্যময় বস্তুর সন্ধান মিলেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদি গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছ, জুঙ্গুরদি গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের জমিতে কাজ করছিলেন মাহাবুর রহমান নামের এক কৃষক। কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ তিনি কাফনের কাপড় সাদৃশ্য একটি বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জমির মালিককে জানানো হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
একপর্যায়ে কাপড়টি খুলে ভেতরে দেখা যায় হাড়, লোহার টুকরা, সিঁদুর, কার্ডসহ বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে। পরে আতঙ্ক ও সংশয়ের কারণে বস্তুটি জমির পাশের একটি স্থানে পুনরায় পুঁতে রাখা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ দাবি করছেন এটি কালো জাদু বা তান্ত্রিক কর্মকাণ্ডের অংশ, আবার কেউ বলছেন এটি কোনো পুরনো কুসংস্কারমূলক আচার।
তবে বস্তুটি আসলে কী, কে বা কারা এটি মাটির নিচে পুঁতে রেখেছিল, এ বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও