পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে কৃষক মাহাবুল খানের আনুমানিক ১০ হাজার তরমুজের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইমরান খানের বিরুদ্ধে।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম সাহেব গ্রামে এ ঘটনাটি ঘটে।
শনিবার সকালে ভুক্তভোগী মো. মাহাবুল খান এ বিষয়ে গলাচিপা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাহাবুল খান প্রতি বছরের মতো বাড়ির সামনে ১৮০ শতাংশ জমিতে তরমুজ চাষ শুরু করেন। পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ইমরান খান বিএনপি দলের প্রভাব দেখিয়ে গভীর রাতে তরমুজ খেতে প্রবেশ করে আনুমানিক ১০ হাজার তরমুজ চারা নষ্ট করে দিয়েছে। এতে পাচঁ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে কৃষক মাহাবুলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার তরমুজ চাষ করে সংসার চালায়। যারা এমন ধরনের কাজে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দেওয়া হোক।
অভিযুক্ত ইমরান খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তার বাড়ির পিছনে খাস খাল বন্দোবস্ত নিয়েছি। সে আমার কাছে বাড়ি ভরাট করার জন্য মাটি চায়। মাটি না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/কেএইচও