মিয়ানমারের মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে এলাকার বাড়িঘর। এমনকি মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে টিনের চালা ভেদ করে পড়ছে বসতঘরে। এতে সীমান্তজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে থেমে থেমে একটানা ৪ ঘণ্টা টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এ ঘটনা ঘটে।
টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা চার ঘণ্টা হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী বাড়ি-ঘর কেঁপে উঠেছে। এ ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে এসব মর্টারশেল নিক্ষেপ ও গুলি চালানো হচ্ছে।
এসময় হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসেন, আব্দুল কুদ্দুস ও বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়েছে। এছাড়া উত্তর পাড়া সংলগ্ন নাফ নদীতে একটি মর্টারশেল পড়লে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় বলেও জানায় ওই ইউপি সদস্য।
মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল আবছার বলেন, ‘শনিবার ভোর থেকে হোয়াইক্যংয়ের ওপারে মিয়ানমার সীমান্তে প্রচুর গোলাগুলি ও মর্টারশেল ফায়ারের শব্দ শোনা গেছে। ঠিক এমন মুহূর্তে আমার ঘরের টিনে পরপর দুটি গুলি এসে পড়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত গোলাগুলির শব্দ এপারে ভেসে আসছে। ওপারে যখন ফায়ার হয়, বাড়ি-ঘর কেঁপে ওঠে।’
স্থানীয় আরেক বাসিন্দারা জানান, গুলির বিকট শব্দে ভয়ে কাঁপছিলাম। গুলি ও ফায়ারের সময় বাড়ি-ঘর কেঁপে উঠছিল। এমন অবস্থায় হঠাৎ অনেকের বসতঘরে গুলি এসে টিনের ছাউনি ছিদ্র করে বাড়ির ভেতরে পড়ে। টেকনাফ সীমান্তের বাসিন্দা আতঙ্কে আছে বলেও জানান তারা।
সময়ের আলো/কেএইচও