মুন্সীগঞ্জের সিরাজদিখানে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
শনিবার রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের ডুপ্লেক্স বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
নৌপথে ট্রলারযোগে এসে ১২-১৫ জন মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত দল এই ঘটনা ঘটায়। বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দলকে বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে।
ভুক্তভোগীরা জানান, কুয়েত থেকে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় ডাকাতির কবলে পড়েন মো. আল-আমিন। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।
সিরাজদিখান থানার ওসি আ. হান্নান বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এফআর