জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের প্রার্থীর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশগ্রহণের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃত ওই পুলিশ সদস্যের নাম এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপারের পক্ষ এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ড আমতলা মোড়ে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে অংশ নেন ওই এএসআই। এ সময় তিনি ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত এএসআই মহিবুল্লাহ বর্তমানে যশোর জেলায় কর্মরত থাকলেও তিনি ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে ছিলেন। ছুটিকালীন সময়ে নিজ জেলা নড়াইলে অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়াকে পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলার পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত পুলিশ সদস্য নিজেই স্বীকার করেন যে, তিনি ওই পথসভায় উপস্থিত হয়ে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দিয়েছেন। বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি ও যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক পুলিশ সদস্য জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় গজল পরিবেশন করছেন।
এফআর