টানা এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় সংবাদদাতা

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল থেকে আকাশে ঝলমলে রোদ থাকলেও শীতের প্রকোপ কমেনি। টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

2025-12-15T10:41:53+00:00
2025-12-15T10:43:47+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
টানা এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৪১ এএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১০:৪৩ এএম
টানা এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল থেকে আকাশে ঝলমলে রোদ থাকলেও শীতের প্রকোপ কমেনি। টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। এ সময় বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৯-১০ কিলোমিটার। 

এর আগে গতকাল রোববার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বর শুরু থেকেই ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা চলমান থাকায় পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), সেদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত ১১ ডিসেম্বর থেকে টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই রেকর্ড হচ্ছে।

তিনি আরও জানান, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের সূর্য উঠলেও হালকা কুয়াশা ঝরা প্রকৃতি। সবুজ ঘাসের ডগায় টলমল করছে ভোরের শুভ্র শিশির। বৃষ্টির ফোটার মতো ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় শ্রমজীবী মানুষদের। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র হচ্ছে।


এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন অনেক রোগী আসছেন। এদের অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যাদের অবস্থা কিছুটা খারাপ তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা এই মুহূর্তে বিশেষ করে বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পঞ্চগড়  তেঁতুলিয়া  শীত  তাপমাত্রা  আবহাওয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: