রাজশাহীর বাগমারা উপজেলায় মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মধুপুর–দেউলিয়া কাদার বিলে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বিপুল। সে বাসুপাড়া গ্রামের বয়েন উদ্দিনের।
এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও কর্মঠ সদস্যের এমন মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মধুপুর–দেউলিয়া কাদার বিলে কয়েকজন সহকর্মীর সঙ্গে মাছ ধরছিলেন বিপুল। এ সময় পানির নিচে জাল ঠিক করার জন্য তিনি ডুব দেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পানির ওপর ভেসে উঠেননি তিনি।
এতে তার সঙ্গে থাকা সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে প্রায় ৩০ মিনিট ধরে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বিপুলকে পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এফআর