সিরাজগঞ্জের কাজিপুরে ঘোড়ার মাংস পরিবহনের সময় জব্দ করে দুইজনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার মেঘাই নৌকা ঘাট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, উপজেলার যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে মেঘাই ২য় ঘাটের নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘোড়ার মাংস পরিবহনের সাঙ্গে জড়িত বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাহিদুলকে ১৫ হাজার এবং মাংস পরিবহন করা গাড়ি চালক গাজীপুর জেলার কোনাবাড়ির পেয়ারাবাগানের মৃত আবুর ছেলে তারেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়াও জব্দকৃত ঘোড়ার মাংস বিনষ্ট করতে মাটি চাপা দেওয়া হয়। মোবাইল কোর্টে কাজিপুর থানা পুলিশের দল ছাড়াও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান উপস্থিত ছিলেন।
সময়ের আলো/কেএইচও