‘শিশুদের খেলার মাঠে আনা না গেলে অপরাধ বাড়বে’

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মহানগরের শিশু-কিশোরদের খেলার মাঠে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়বে—

2025-12-27T16:26:20+00:00
2025-12-27T16:27:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
‘শিশুদের খেলার মাঠে আনা না গেলে অপরাধ বাড়বে’
প্রফেসর শায়েস্তা খানের স্মরণসভায় ফারুক ই আজম
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম  আপডেট: ২৭.১২.২০২৫ ৪:২৭ পিএম
কথা বলছেন উপদেষ্টা ফারুক ই আজম। ছবি : সময়ের আলো
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মহানগরের শিশু-কিশোরদের খেলার মাঠে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়বে— এমন তাড়না ছিল প্রফেসর শায়েস্তা খানের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে প্রফেসর শায়েস্তা খান স্মরণসভায় তিনি এ কথা বলেন।

সভায় ফারুক ই আজম বলেন, সরকার মেট্রোপলিটন ক্রীড়া সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন আইন, বিধি হবে। আশা করি বাস্তবায়নে পৌঁছাতে পারব।

তিনি বলেন, শায়েস্তা খান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, ছাত্রনেতা ছিলেন। জনপ্রিয় শিক্ষক ছিলেন। আমি শায়েস্তা খান স্যারের ভাইদের সঙ্গে বাসায় যেতাম। অপত্য স্নেহের বন্ধন ছিল। উনি টেবিল ভর্তি খাবার রাখতেন। তাকে ভুলে যাওয়া সহজ না। এ ধরনের কালজয়ী মানুষ সমাজে সহজে উঠে আসবে না।

উপদেষ্টা আরও বলেন, দেশের অন্য কোনো জেলায়ও এ ধরনের কাজ কেউ করেনি। ৫২ বছর স্যারের সাথে ঘনিষ্ঠভাবে ছিলাম। শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া দেওয়ার কিছু নেই।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, ১৯৭২ সাল থেকে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা করি। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রফিক চৌধুরী। আমি আর স্যার কত হাজার পৃষ্ঠা নষ্ট করেছি, মহানগরী ক্রীড়া সংস্থার কনসেপ্ট নিয়ে। এমন শ্রদ্ধা করার মতো লোক সমাজে কম। 

তিনি আরও বলেন, ৪৩ বছর জুডিশিয়ারিতে আছি। আমরা পড়তে চাই না। আমার জীবনের অনেক মূল্যবান সময় ক্রীড়াঙ্গনে দিয়েছি। বয়সভিত্তিক অনেক খেলা আমরা চালু করেছি। মানুষের চরিত্র, সম্মান নির্ভর করে কাজের ওপর। আমি প্রফেসর শায়েস্তা খান স্যারকে ভুলব না।

স্মরণসভায় সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, আমি সরকারি কমার্স কলেজের ছাত্র। শায়েস্তা খান স্যারের আভিজাত্য, মেধা, মনন এখনও স্পষ্ট। এখনও মনে হচ্ছে তিনি ক্লাসে হাঁটছেন। অনেক স্যার পড়িয়েছেন, কিন্তু স্মৃতি থেকে হারিয়ে গেছেন। উনার ব্যক্তিত্বের কারণে স্যারকে ভুলতে দেয়নি। আমার উন্নতি প্রমোশনে স্যার খুশি হতেন, অভিনন্দন জানাতেন।


চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা এ স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দী, চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি শাহীন আফতাবুর রেজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, ডেইলি পিপলস ভিউ এর সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, প্রফেসর শায়েস্তা খান ছিলেন সমাজের আলোকবর্তিকা।

প্রফেসর শায়েস্তা খান স্মারকগ্রন্থ ও ডকুমেন্টারি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অনুষ্ঠান সঞ্চালক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।

এফআর


  বিষয়:   প্রফেসর শায়েস্তা খান  স্মরণসভা  ফারুক ই আজম  শিশুদের  খেলার মাঠে আনা না গেলে  অপরাধ বাড়বে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: