ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে চালানো সামরিক অভিযানে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অধিকারভিত্তিক সংগঠনের তথ্যের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনি বন্দি সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, রামাল্লাহ, আল-বিরেহ, হেবরন, তুবাস, তুলকারেম, নাবলুস, জেনিন ও পূর্ব জেরুজালেমে চালানো অভিযানে এসব আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাবেক বন্দিরা ছাড়াও একজন নারী রয়েছেন।
সংগঠনটির দাবি, গ্রেফতার অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে বাড়িতে তল্লাশি চালিয়েছে। পাশাপাশি আটক ব্যক্তিদের ও তাদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন, হামলা এবং সম্পত্তি ধ্বংসের ঘটনাও ঘটেছে।
ফিলিস্তিনি বন্দি সোসাইটির তথ্যমতে, গত বছর জুড়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে।
এদিকে পৃথক এক ঘটনায়, পশ্চিম তীরের জেরিকোর পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা দুটি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে এবং আরেকটি বাড়ি ভেঙে ফেলার নোটিশ দিয়েছে। অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি সেনারা বুলডোজারসহ ‘এরিয়া সি’ হিসেবে পরিচিত এলাকায় প্রবেশ করে ওই স্থাপনাগুলো ধ্বংস করে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতকারীদের হামলায় অন্তত ১,১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ এবং আটক হয়েছেন প্রায় ২১ হাজার জন।
উল্লেখ্য, গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক মতামতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব অবৈধ বসতি প্রত্যাহারের আহ্বান জানায়।
/ইউএমএইচ