মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী সুমন সরদারের (৩১) মৃত্যু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন সরদার শরিয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শরিয়তপুরের নিজবাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদারীপুররের রাজৈরে যাচ্ছিলেন সুমন সরদার। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় আসলে ঘন কুয়াশায় কারণে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন সুমন। স্থানীয়রা তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, দুর্ঘটনায় ঘাতক গাড়িটিকে সনাক্ত করা যায়নি। নিহতের লাশ রাজৈর হাসপাতালে আছে। পরিবারের সদস্যরা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
আরআর