জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিমানে প্রিফেকচারের পূর্বাঞ্চলে। তবে এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত শিমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান চুগোকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, কেন্দ্রটির ২ নম্বর ইউনিটে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে জাপানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও জানিয়েছে, ভূমিকম্পের পর পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালের মার্চে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর জাপানের সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালের ডিসেম্বরে শিমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়।
জাপানের নিজস্ব ভূমিকম্প তীব্রতা স্কেল (১–৭) অনুযায়ী এই ভূমিকম্পের তীব্রতা ছিল উচ্চমাত্রার ৫, এর ফলে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা বা চলাফেরা করা কঠিন হয়ে পড়ে।
ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত জাপানে এ ধরনের ঘটনা নতুন নয়। বিশ্বের মোট ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই জাপানে সংঘটিত হয়।
এদিকে ভূমিকম্পের পর নিরাপত্তাজনিত কারণে পশ্চিম জাপান রেলওয়ে শিন-ওসাকা ও হাকাতা রুটে চলাচলকারী শিনকানসেন বুলেট ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এর আগে, ২০১১ সালের ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল সেটি।
/ইউএমএইচ