ঝিনাইদহ সদর উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বাদামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লি চিকিৎসকের নাম মুক্তার হোসাইন (৪০)। তিনি উপজেলার লক্ষণদিয়া গ্রামের আলিবর্দি শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী আশিকুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ থেকে গ্রামে ফিরছিলেন। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানের তিনজন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, মাইক্রোবাসের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এফআর