‘ইব্রাহিম নবির কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’ বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। এ মন্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় বক্তব্যের সময় এ মন্তব্য করেন তিনি। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে জামায়াত নেতা এটিএম আজম খান বলেন, ‘২৮ তারিখ সকাল সাড়ে ছয়টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। মোবাইল করি বললো যে, খান সাহেব আপনাকেতো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে, হ্যাঁ এর চেয়েও বড়।’
‘তা আমি বললাম যে, এর ব্যাখ্যাটা বললে ভালো হইত। তখন বললেন যে, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হইছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা-কাউনিয়ার লাখ লাখ নারী-পুরুষের কোরবানি। এই জন্যই এই কোরবানিটা বড় কোরবানি। তা আমি বললাম, আলহামদুলিল্লাহ।’
তাকে আরও বলতে শোনা যায়, ‘কোথা থেকে মেসেজ, এই মোবাইল করা হলো? কেন্দ্র থেকে। তার পরপরই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। তো আল্লাহর শুকরিয়া, আমাদের মোত্তালিব মামা, মোস্তাক যে কথাগুলো বলেছেন, বর্তমান সময়ে আসলে এটা বড়ই প্রয়োজন ছিল। মনের দুঃখ, এরে দুঃখ রাখা যাবে না, এটা শক্তিতে রূপ নিতে হবে। এটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমাদেরকে টিকতেই হবে।’
এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিরূপ মন্তব্য করছেন নেটিজেনরা।
জানা গেছে, এটিএম আজম খান রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। তবে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোটগত কারণে এই আসনটি ছেড়ে দেওয়া হয়। ফলে এটিএম আজম খান মনোনয়ন জমা দেননি। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে আখতার হোসেনকে সমর্থন জানিয়েছেন।
এফআর