পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসার একটি কক্ষ থেকে ফসিউল আলম অনিক (৩০) নামের এক ছাত্রদলকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দিয়াড় সাহাপুর এলাকার মো. আ. রউফের বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত অনিক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে। তিনি ঢাকার আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা মহানগরীর খিলগাঁও থানা ছাত্রদলের একটি ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।
নিহতের চাচা শাহিনুর রহমান মাস্টার জানান, বেশ কিছুদিন ধরে অনিক ওই বাসায় ভাড়ায় থাকতো। আজ সন্ধ্যায় ওই বাসার আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি রহস্যজনক।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দীন জানান, আলামত দেখে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের পাশাপাশি তিনটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরআর