শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান সুখবর দিলেন তার ভক্ত-শ্রোতাদের। আর তা হলো শিগগিরই নিজের নতুন দুটি গান নিয়ে তিনি উপহার দিতে যাচ্ছেন শ্রোতা-ভক্তদের। দুটি গানের একটি প্রকাশ পাবে আগামী ভালোবাসা দিবসে। আরেকটি প্রকাশ পাবে আগামী রোজার ঈদে। দুটি গানেরই মিউজিক ভিডিওর শুটিং হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। আর নতুন দুটি গান মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে ‘প্রতীক হাসান’ ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, বেশ কিছু দিন হলো নতুন গান প্রকাশ হচ্ছে না। সেই ভাবনা থেকেই মূলত আমার ভক্ত-শ্রোতাদের জন্য আগামী ভালোবাসা দিবসে প্রকাশ করতে যাচ্ছি নতুন গান। এরপর আবার ঈদে। যুক্তরাষ্ট্রের একটি টিম আমার মিউজিক ভিডিও নির্মাণ করবে। যে মিউজিক ভিডিও নিয়ে আমি ভীষণ আশাবাদী। যেহেতু দুটি গানই আমার লেখা ও সুর করা, তাই আমার গানের কথা, সুর ও সংগীতায়োজনের ওপর গবেষণা করেই গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। বলা যেতে পারে দুটি গানই হবে ২০২৬ সালের ধামাকা। বাকিটা আসলে শ্রোতা-দর্শকের ওপর নির্ভর করছে। উল্লেখ্য, প্রতীক হাসানের প্রকাশিত সর্বশেষ একক গান ছিল ‘প্রেমে দিওয়ানা’।
আরও পড়ুন
এদিকে গত দেড় বছর ধরে স্ত্রী মৌসুমী ও একমাত্র কন্যা প্রীতিকা হাসানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন প্রতীক হাসান। এ প্রসঙ্গে তিনি বলেন, পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে এটা ভীষণ সত্যি প্রতি মুহূর্তেই দেশকে মিস করি, দেশের মানুষকে মিস করি। দেশের জীবনযাপনও মিস করি। মিস করি ইন্ডাস্ট্রিতে আমার প্রিয় প্রিয় মানুষদের। সবাই ভালো থাকুক এটাই চাই।
কিছু দিন আগেই অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, পার্থ, এডিলেট ও ব্রিজবেনে ছোট ভাই, এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে স্টেজ শোতে গানে মুগ্ধ করেছেন প্রতীক হাসান। ১৭ জানুয়ারিতেও ফ্লোরিডায় স্টেজ শোতে গান গাইবেন তিনি। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে গানে গানেই সময় কেটে যায় তার।
এএডি/