চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে তাদের পাঠানো হয়। পরে আজ বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই ১৭ জন। পরে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শিবনগর বাজার থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন। পরে আগ্রা কারাগারে প্রায় তিন বছর সাজা ভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশ-ইন করে।
এফআর