কুমিল্লার নাঙ্গলকোট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন (৪০) নামে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহত সালেহ আহমেদ বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আলিয়ারা গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে এবং দেলোয়ার হোসেন নয়ন একই গ্রামের আবুল খায়েরের ছেলে। তারা দুজনেই ব্রুনাই প্রবাসী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত বছরের জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিন মেম্বার গ্রুপ ও সালেহ আহমেদ গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে প্রায় অর্ধশত বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। সর্বশেষ গত ৩ আগস্ট আলাউদ্দিন মেম্বারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
এই হত্যার ঘটনার পর সালেহ আহমেদ গ্রুপ দীর্ঘদিন এলাকা ছেড়ে বাহিরে অবস্থান করেন। গত ৩ জানুয়ারি সালেহ আহমেদ মেম্বার গ্রুপ এলাকায় প্রবেশের চেষ্টা করলে আলাউদ্দিন মেম্বার গ্রুপের লোকজন বাধা দেন। বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।
নিহত দেলোয়ার হোসেন নয়নের বোন হাজেরা আক্তার রিংকি জানান, আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। তারপরও আমরা বাড়িতে গিয়ে তাঁবু টানিয়ে থাকতে শুরু করি। শুক্রবার সকালে আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিমসহ প্রায় দুই শতাধিক সন্ত্রাসী এক সাথে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ভাই নয়ন ও চাচা সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়। মৃত্যু নিশ্চিত করতে তাদের হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দা ফারহানা ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কয়েকজনকে আনা হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন। প্রাথমিকভাবে বলা যাচ্ছে, গুলিবিদ্ধ ও হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এই মুহূর্তে আলিয়ারা গ্রাম মানুষশূন্য রয়েছে।
সময়ের আলো/আআ