উপস্থাপনায় ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা তাহসান খান। জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন ২ তে আবারও উপস্থাপনায় দেখা যাবে তাকে। ‘আইগ্যাস ইউনাইটেড’ নিবেদিত, পাওয়ার্ড বাই ‘পোলার আইসক্রিম’ এবং ‘বঙ্গ’ প্রযোজিত এই শোয়ের সিজন ২ শুরু হতে যাচ্ছে আজ।
শোটি নিয়ে তাহসান খান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ। প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আরও পড়ুন
প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় সিজন ২ হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর এবং এক্সাইটিং। গত সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়া এই শোটি এবার আয়োজন করা হয়েছে আরও বিশাল পরিসরে। ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এবারের সিজনে থাকছে আগের চেয়েও আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা, যা পারিবারিক বিনোদনে যোগ করবে ভিন্ন মাত্রা। সপ্তাহের প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ সম্প্রচারিত হবে এনটিভিতে। যারা মিস করবেন, তারা শোটির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১টায়।
প্রসঙ্গত, বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক এই অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণের প্রথম সিজনেও উপস্থাপনায় ছিলেন তাহসান।
প্রতিযোগিতামূলক এ আয়োজনে দুটি পরিবারের সদস্যরা অংশ নেন। তারা ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। তাদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং উত্তরের ওপর পয়েন্ট অর্জন হয়। প্রথম যে পরিবার ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে পারে, তারাই বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান। ‘ফ্যামিলি ফিউড’-এর আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী বাংলাদেশেও একই রীতিতে আয়োজনটি পরিচালিত হবে।
এএডি/