নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার অনেক পরে অবশেষে কারণ দর্শাও নোটিসের জবাব দিয়েছেন বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়াজুর রহমান বলেন, উনি (এম নাজমুল ইসলাম) জবাব দিয়েছেন। আমি আসলে অন্যান্য অনেক কাজ নিয়ে ব্যস্ত, তাই সেই জবাবটা এখনও দেখতে পারিনি। তবে যারা দেখেছেন, তাদের কাছ থেকে শুনেছি যে ইতিবাচক জবাবই দিয়েছেন তিনি। আমি তো অবশ্যই দেখব। দেখার পর আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবব ও আপনাদেরকে বিস্তারিত জানাব।
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দাবি ছিল নাজমুলের পদত্যাগ। তবে বিসিবি বেছে নেয় গঠনতন্ত্র অনুসরণের পথ। প্রক্রিয়া অনুযায়ী নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় গত বৃহস্পতিবার। পাশাপাশি বিসিবি সভাপতি নিজের ক্ষমতাবলে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেন এই বিসিবি পরিচালককে।
৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু রোববার দুপুরে পেরিয়ে যায় ৭২ ঘণ্টা। পরে তার কাছ থেকে জবাব মেলে।
প্রক্রিয়া অনুযায়ী, কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার পর বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি তা খতিয়ে দেখে পরে বোর্ডে সুপারিশ করবে পরবর্তী পদক্ষেপ নিয়ে।
সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে কিছুদিন আগে আলোচনায় উঠে আসেন নাজমুল। পরে তিনি আপত্তিকর মন্তব্য করেন দেশের সব ক্রিকেটারকে নিয়েই। এরপরই তার পদত্যাগের দাবিতে সরব হয় ক্রিকেটারদের সংগঠন। এই দাবিতে সোচ্চার হয়ে সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করে তারা। বিপিএলে ম্যাচ বন্ধ থাকে এক দিন। পরে নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া ও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর বিসিবির সঙ্গে আরেক দফা বৈঠক করে খেলা বন্ধ করার ঘোষণা থেকে সরে আসে কোয়াব। এবার তারা নাজমুলের প্রকাশ্যে ক্ষমা দাবি করে। কিন্তু এই পরিচালক প্রকাশ্যে ক্ষমাও চাননি এখনও।
সময়ের আলো/এসকে/