নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে সাইনবোর্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। সওজের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জমি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, সরকারি জমি উদ্ধারের উদ্যোগ ইতিবাচক হলেও উচ্ছেদ প্রক্রিয়া যেন নিরপেক্ষ ও সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হয়, সে বিষয়ে নজরদারি প্রয়োজন। উদ্ধার অভিযান প্রকৃত শুদ্ধি অভিযানে পরিণত হওয়া জরুরি।
উচ্ছেদ হওয়া মনির স্টোরের মালিক মনির জানান, ‘এলএ ৬৭–৬৮/১৪ নম্বর সরকারি এই ভূমি উচ্ছেদ করা হলেও এই জায়গার লিজের মেয়াদ এখনো রয়েছে এবং এ বিষয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে, যার রিট নাম্বার ৭০১৮/১৪।’
তিনি আরো বলেন, পরিজাত নামক প্রতিষ্ঠানের জায়গা উচ্ছেদ করা হলেও একই এলএ কেসের অধিগ্রহণ করা ভারটেক্স লিফ্ট কোম্পানির জমি এখনো তাদের দখলে রয়েছে। অথচ দুজনেরই হাইকোর্টে রিট আছে।
নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, যাদের দখল অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে, কেবল তাদেরই উচ্ছেদ করা হয়েছে। বৈধ দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ সময় সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ