ঢাকার হাতিরঝিলে এক হাজার নারীর অংশগ্রহণে দৌড়পাল্লার আয়োজন করে অ্যাক্টিভ পালস বাংলাদেশ। ১৬ জানুয়ারি ভোরে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এলাকায় এই দৌড় অনুষ্ঠিত হয়।
একই রঙের পোশাকে নারী ও শিশুরা দৌড়ে অংশ নেন। সকাল ৬টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের পর কাউন্টডাউন শেষে শুরু হয় দৌড়। এবারের আয়োজনে ছিল দুই ও সাত কিলোমিটারের দুটি ইভেন্ট। দুই কিলোমিটারে অংশ নেন ৩০০ জন এবং সাত কিলোমিটারে দৌড়ান ৭০০ জন নারী। অংশগ্রহণকারীদের বয়স ছিল পাঁচ থেকে সত্তরে বছরের বেশি। বয়সের ব্যবধান থাকলেও সবাই একই লক্ষ্য ও আত্মবিশ্বাস নিয়ে দৌড়ে অংশ নেন।
দৌড় শেষে অংশগ্রহণকারীদের মেডেল পরানো হয়। আয়োজনের শেষ পর্বে ছিল র্যাফেল ড্র। ২০২৩ সাল থেকে অ্যাক্টিভ পালস বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রামে ১৪টি লাইভ ম্যারাথনের আয়োজন করেছে। ২০২৫ সালে নারীদের অংশগ্রহণে প্রথম ম্যারাথনের পর এবার অনুষ্ঠিত হলো দ্বিতীয় আসর।
আয়োজকদের মতে, এই দৌড়ের লক্ষ্য ছিল সুস্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা, সমান অধিকারের বিষয়ে সচেতনতা বাড়ানো এবং নারীদের জন্য নিরাপদ ও উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের সুযোগ তৈরি করা। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক ও জেসিআই বাংলাদেশ। পৃষ্ঠপোষকতায় ছিল সাফোলা অ্যাক্টিভ প্লাস।
সময়ের আলো/এনএ