রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে নিজ নিজ ফল জানতে পারবে।
চলতি বছর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিজ্ঞান শিক্ষার্থীদের দুটি গ্রুপ এবং অ-বিজ্ঞান শিক্ষার্থীদের একটি গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজ্ঞানের প্রথম গ্রুপে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মো. নাফিস সাদিক। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী। দ্বিতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী এস এম আফিফ ইকবাল।
অন্যদিকে অ-বিজ্ঞান গ্রুপে শীর্ষস্থান অর্জন করেছেন রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. আরফান শেখ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরবর্তী ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সময়ের আলো/আআ